নরসিংদীতে মেয়েকে ধর্ষনের অভিযোগে বাবা গ্রেপ্তার
সংবাদের আলো ডেস্ক: নরসিংদীতে আপন মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে (৩৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে নরসিংদী মডেল থানা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান।
গত ১৭ সেপ্টেম্বর চট্টগ্রামের হাটহাজারীর মাইজভান্ডার দরবার শরীফ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি নরসিংদী সদর উপজেলার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, অভিযুক্ত ব্যক্তি দুই বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীরও এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রী জীবিকার তাগিদে প্রবাসে থাকেন। এ সুযোগে অভিযুক্ত ব্যক্তি তার কিশোরী মেয়েকে দীর্ঘদিন ধর্ষণ করছিল। সেই সঙ্গে নিজ মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখত। বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্ত ব্যক্তি বাড়ি ছেড়ে পালায়। পরে ভুক্তভোগীর মামা গত ৪ সেপ্টেম্বর নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মামলা দায়েরের পর অভিযুক্ত ব্যক্তি দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। তাকে গ্রেপ্তারে নরসিংদী, মুন্সিগঞ্জ ও সিলেটে অভিযান পরিচালনা করা হয়। শেষ পর্যন্ত গত ১৭ সেপ্টেম্বর চট্টগ্রামের হাটহাজারীর মাইজভান্ডার দরবার শরীফ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আশিকুর রহমান আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন গ্রেপ্তার ব্যক্তি। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন এবং নরসিংদী মডেল থানার ওসি এআর এম আল মামুন, ডিবি ওসি আবুল কায়েস উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।