বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি বিষয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।

আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক।

এর আগে, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে শিক্ষা প্রশাসনে আলোচনা শুরু হয়। সরকার প্রতিবছর ডিসেম্বরের মধ্যেই পাবলিক পরীক্ষা শেষ করার পরিকল্পনায় কাজ করছে। তবে হঠাৎ পরীক্ষা এগিয়ে আনার প্রস্তাবে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের একটি বড় অংশ আপত্তি জানায়। তারা ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারি থেকে নেওয়ার প্রস্তাব দেন।

বুধবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। ওই বৈঠকে অংশীজনদের মতামতের ভিত্তিতে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরের শেষ দিনে শুরু করে জানুয়ারি মাসজুড়ে নেওয়ার একটি প্রাথমিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। যদিও আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।

মন্ত্রণালয় সূত্র বলছে, পরীক্ষার সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজকের সংবাদ সম্মেলনেই জানানো হতে পারে। একইসঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘমেয়াদি সূচি পুনর্গঠনের পরিকল্পনাও তুলে ধরা হতে পারে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়