পুলিশের ১০৭ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক প্রদান স্থগিত
সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পেশাদারিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান স্থগিত করা হয়েছে। পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধনের আগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম গতকাল (শনিবার, ৯ মে) রাতে বলেন, রাষ্ট্রপতি দেশের বাইরে যাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। এ পদক প্রদানে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন।
তিনি আরও বলেন, ‘পদক–সংক্রান্ত সরকারি আদেশ এখনো জারি হয়নি।’ আজ (রোববার, ১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের এ পদক তুলে দেওয়ার কথা ছিল।
পুলিশে সাহসিকতা, কর্মদক্ষতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য স্বীকৃতি হিসেবে সাধারণত ‘পুলিশ পদক’ দেওয়া হয়। এবার পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে চার দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এক বিবৃতিতে বাংলাদেশ পুলিশের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।