গাছ লাগানোকে কেন্দ্র করে ভাই বোনের সংঘর্ষ, উভয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ
মনিরুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা এর পূর্ণিমাগাতী ইউনিয়নের পুঠিয়া গ্রামে পৈতৃক সম্পত্তিতে গাছ লাগানোকে কেন্দ্র করে আপন ভাই বোনের মধ্যে সংঘর্ষ ও মারধরের অভিযোগ উঠেছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি ভাগাভাগি করা জায়গায় গাছ রোপণকে কেন্দ্র করে ভাই আব্দুর রব ও তার বোন তাছনিছ জান্নাত শিল্পীর মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে তা হাতাহাতি ও মারধরে রূপ নেয়। এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাবেক মেম্বার ইদ্রিস আলী জানান, তার একটি নার্সারি থেকে আব্দুর রব গাছ ক্রয় করেন এবং নিজ বাড়ির জমিতে রোপণের জন্য তাকে দায়িত্ব দেন। তিনি বলেন, আমি শ্রমিক নিয়ে গাছ লাগানোর কাজ শুরু করি। এ সময় হঠাৎ করে আব্দুর রবের বোন এসে গাছ লাগাতে বাধা দেন এবং রোপণ করা গাছ উপড়ে ফেলতে থাকেন। পরে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।
অভিযোগ অস্বীকার করে নিজের অবস্থান ব্যাখ্যা করে আব্দুর রব বলেন, আমি আমার বাবার পৈতৃক জায়গায় গাছ লাগাচ্ছিলাম। আমার বোন এসে প্রায় ১৫০ থেকে ২০০টি গাছ উপড়ে ফেলে। আমি বাধা দিলে সে ও তার স্বামী আমাকে মারধর করে এবং আমার জামাকাপড় ছিঁড়ে ফেলে। অন্যদিকে, তাছনিছ জান্নাত শিল্পী ভিন্ন দাবি করে বলেন, আমি পুঠিয়াতে একটি হেলথকেয়ার প্রতিষ্ঠানে চাকরি করি।
ঘটনাদিনে বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দেখি আমার ভাগকৃত জমিতে গাছ লাগানো হচ্ছে। আমি নিষেধ করতে গেলে হঠাৎ আমার ভাই এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করে। আমার স্বামী এগিয়ে এলে তাকেও মারার চেষ্টা করা হয়। পরে আমি পাশের বাড়িতে আশ্রয় নিয়ে বাংলাদেশ জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে সহায়তা চাই।
তিনি আরও জানান, স্থানীয়দের সহযোগিতায় সেখান থেকে বের হয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিষয়টি মীমাংসার পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।