আলফাডাঙ্গা পৌর মেয়র প্রার্থী খোসবুর রহমান খোকনের পূজা মণ্ডপ পরিদর্শন ও নগদ সহায়তা প্রদান
আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ১১টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পৌর মেয়র প্রার্থী ও বিশিষ্ট বিএনপি নেতা খোসবুর রহমান খোকন। এ সময় তিনি প্রতিটি মণ্ডপের সার্বিক খোঁজখবর নেন এবং পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। এর আগে তিনি প্রতিটি মণ্ডপের স্বেচ্ছাসেবকদের মাঝে তার ছবি সম্বলিত গেঞ্জি বিতরণ করেন। রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় পৌর সভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা প্রদান করা হয়।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী প্রবীর কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক শ্রী প্রকাশ কুমার কুন্ডুর নেতৃত্বে উপজেলায় মোট ৪৩টি পূজা মণ্ডপ রয়েছে, যার মধ্যে ৬টি অধিক ঝুঁকিপূর্ণ। এর মধ্যে শুধু আলফাডাঙ্গা পৌরসভাতেই ১১টি পূজা মণ্ডপ রয়েছে (যার মধ্যে ৯টিতে প্রতিমা বিসর্জন হবে এবং ২টিতে হবে না)।
পৌরসভার মণ্ডপগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—আলফাডাঙ্গা বাজার পূজা মণ্ডপ, শ্রী শ্রী বিষ্ণু পাগলের আশ্রম পূজা মণ্ডপ, কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির, শ্রী শ্রী দামোদর আখড়া, কুসুমদী সার্বজনীন দুর্গা পূজা মণ্ডপ, আলফাডাঙ্গা কুন্ডু বাড়ি পূজা মণ্ডপ, বাঁকাইল-নওয়াপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ, নওয়াপাড়া-বাকাইল (কুন্ডুপাড়া) পূজা মণ্ডপ, বাকাইল-নওয়াপাড়া পূর্বপাড়া পূজা মণ্ডপ, পৌরসভা ঘোষ বাড়ি পূজা মণ্ডপ এবং নওয়াপাড়া কর্মকারবাড়ি পূজা মণ্ডপ।
পরিদর্শনকালে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জ্যেষ্ঠ নেতা খোসবুর রহমান খোকনের সাথে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, মো. খাইয়ুম শিকদার, সাবেক দপ্তর সম্পাদক উপজেলা বিএনপি, সিরাজুল হক সোজা, উপজেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক, উপজেলা শ্রমিক দলের সভাপতি এস এম মাহমুদুল হাসান ইয়াদ, সাধারণ সম্পাদক মকিমুল শিকদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম সোহাগ ও মনির হোসেন সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজা মণ্ডপের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় স্থানীয় নেতাকর্মীরা বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও আনন্দের সাথে তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সেজন্যই খোসবুর রহমান খোকন এই উদ্যোগ নিয়েছেন।”
মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এ ধরনের সহযোগিতার জন্য মেয়র প্রার্থী খোসবুর রহমান খোকন ও উপস্থিত রাজনৈতিক নেতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।