আসামি ধরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ, পুলিশ কর্মকর্তা নিহত, আহত ২
পঙ্কজ সরকার নয়ন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে আসামি ধরে থানায় ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতাসহ পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক পুলিশ কর্মকর্তা ও এক গাড়ির চালক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) গভীর রাতে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্রমিক কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত বিএনপি নেতার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম (৪৮) (রফিক মোল্লা)। তিনি কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তুমলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে। অপর নিহত পুলিশ সদস্য হলেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান।
এছাড়া এ ঘটনায় আহতরা হলেন—পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাবেদ ওমর এবং গাড়িচালক কনস্টেবল মো. রাব্বি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাত ৩ টার দিকে স্থানীয় মাধক্ষার বাড়ি এলাকার ওহিদ মোল্লা নামের এক ব্যক্তিকে ধরতে অভিযানে যায় পুলিশের একটি দল। ওহিদকে আটক করে থানায় ফেরার পথে কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে পৌঁছান তারা। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ রফিকুল ইসলামের সাথে কথা বলছিলেন এসআই মিজানুর রহমানসহ অন্য পুলিশ সদস্যরা। ঠিক সে সময় হঠাৎ করে বেপরোয়া গতির একটি অজ্ঞাতনামা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের সজোরে চাপা দেয়।
এই আকস্মিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম মৃত্যুবরণ করেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্যসহ অন্যদের উদ্ধার করে দ্রুত স্থানীয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এসআই মিজানুর রহমান মৃত্যুবরণ করেন। বর্তমানে আহত অপর দুইজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় মাদক কারবারি অহিদ মোল্লা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, শুক্রবার ভোররাত সাড়ে তিনটার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজ সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে আমাদের একজন পুলিশ সদস্যসহ দুজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ঘাতক গাড়িটি বা এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। যেহেতু মৃত্যুর ঘটনা ঘটেছে, তাই এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় কালীগঞ্জে এবং পুলিশ বিভাগে গভীর শোকের ছায়া নেমে এসেছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।