শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিগত ফ্যাসিস্ট সরকার আর এ সরকার এক নয় : প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

সংবাদের আলো ডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার আর এ সরকার এক নয়। আমাদের সরকার জনগণের ও ভোটে নির্বাচিত সরকার। কাজেই বিএনপি যা বলে তাই কিন্তু করে।

শনিবার (২ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়ন খুদিরামপুর এলাকায় ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলের মানুষের প্রাণের দাবি, ধলেশ্বরী ও লৌহজং নদীর গতি ফিরে পাবে। আজকে আমরা এই নদী খনন কর্মসূচি উদ্বোধন করলাম। নদীর যে জায়গা, সেই জায়গায় খনন হবে। আশাপাশে কেউ যদি তা দখল করে রাখে, প্রশাসন তা দখল মুক্ত করবে। প্রশাসনকে বলা হয়েছে, তারা যথাযথ ব্যবস্থা নেবে। 

তিনি বলেন, তারেক রহমান দেশের জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেই খাল খনন ও নদী খনন কর্মসূচির উদ্বোধন করেছেন। সারা বাংলাদেশেই খাল ও নদী খনন কর্মসূচি চলমান রয়েছে। কাজেই আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী সে অনুযায়ী প্রদক্ষেপ নিচ্ছেন।

এ সময় টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আবেদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা।

প্রসঙ্গত, ধলেশ্বরী ও লৌহজং নদীর ৫২.৯২ কিলোমিটার পুনঃখননের ব্যয় ধরা হয়েছে ৪১ কোটি ৭০ লাখ টাকা। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়