হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার
সংবাদের আলো ডেস্ক: ভারী বৃষ্টিপাতে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ের নোটিশের পরিপ্রেক্ষিতে বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে একটি সম্পূরক প্রশ্নে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ বলেন, প্রবল বর্ষণে সব হাওর তলিয়ে যাচ্ছে। কৃষকেরা ধান কাটতে মাঠে লড়াই করছেন।
বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সরকারদলীয় এ সংসদ সদস্য।
পরে এ বিষয়ে সংসদ নেতা ও সরকারপ্রধান বলেন, এটি খুবই উদ্বেগের ব্যাপার। আবহাওয়া পূর্বাভাসের ওপর ভিত্তি করে ৩ দিন আগে এই ৩টি জেলার স্থানীয় প্রশাসনকে আমি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলাম।
তিনি আরও বলেন, আজ সকালেও আমি দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রীর সঙ্গে কথা বলে এসেছি। প্রবল বর্ষণে সিলেটের তিন জেলা ও ময়মনসিংহের কিছু এলাকা এই সমস্যার সম্মুখীন হয়েছে। এতে যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদের চিহ্নিত করে আগামী ৩ মাস আমরা চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।