পাইপলাইনে ভারত থেকে আসছে আরও ৫ হাজার টন ডিজেল
সংবাদের আলো ডেস্ক: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে দেশের দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল আসা শুরু হয়েছে। ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে এই জ্বালানি তেল পাম্পিং করা হচ্ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল পাম্পিং শুরু হয়। সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৫টা নাগাদ সমুদয় ডিজেল পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
পার্বতীপুর রেলহেড পিওএল ডিপোতে অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও পাঁচ হাজার টন ডিজেল আমদানি করা হচ্ছে।
কোনো ধরনের সমস্যা না হলে বৃহস্পতিবারের মধ্যে এই পাম্পিং শেষ হবে। এটিসহ চলতি এপ্রিল মাসে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে চার দফায় মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হলো।
ভারত থেকে ডিজেল আমদানির এই প্রক্রিয়াকে একটি চলমান কাজ বলে উল্লেখ করেছেন ডিপোর এই কর্মকর্তা। তিনি জানান, বর্তমানে পার্বতীপুর ডিপোতে পর্যাপ্ত পরিমাণে ডিজেল মজুত রয়েছে এবং জ্বালানি বিতরণের সার্বিক কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।