ঢাকায় ভারতীয় নারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন
সংবাদের আলো ডেস্ক: রাজধানীর বারিধারা থেকে শামীম সলিম কাসিম (৬৭) নামে এক ভারতীয় নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাকে গুলশানের কনটিনেন্টাল (সাবেক ইউনাইটেড) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, মৃত শামীম সলিম কাসিম ভারতের মুম্বাইয়ের বাসিন্দা এবং পেশায় গৃহিণী ছিলেন। তার ছেলে বিশ্বব্যাংকে চাকরির কারণে ঢাকায় বসবাস করেন। সেই সুবাদে তিনিও ছেলের সঙ্গে বারিধারার বাসায় থাকতেন।
ছেলের দাবি, তার মায়ের মৃত্যু স্বাভাবিক। তবে পুলিশ বলছে ভিন্ন কথা। প্রাথমিক তদন্তে ওই নারীর শরীরে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা মৃত্যুর কারণ নিয়ে রহস্য তৈরি করেছে।
গুলশান বিভাগ পুলিশ জানিয়েছে, এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু, তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
পুলিশ জানিয়েছে, বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে এবং ভারতীয় দূতাবাসকেও এ ব্যাপারে অবহিত করা হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।