সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আজ থেকে বেশি বরাদ্দে বিক্রি হবে জ্বালানি তেল

সংবাদের আলো ডেস্ক: বাজারের চাপ সামাল দিতে সোমবার থেকে অকটেনে ২০ শতাংশ এবং ডিজেল ও পেট্রোলে ১০ শতাংশ বাড়তি বরাদ্দ দিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

বর্তমান চাহিদা বিবেচনায় ডিলার ও ভোক্তা পর্যায়ে সরবরাহ ঠিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি। রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানায় বিপিসি।

বিপিসির বন্টণ ও পরিবীক্ষণ অধিশাখা থেকে জারি করা এ আদেশে বলা হয়, ডিজেলের দৈনিক বরাদ্দ ১৩ হাজার ৪৮ মেট্রিক টন, অকটেন ১ হাজার ৪২২ মেট্রিক টন এবং পেট্রোল ১ হাজার ৫৪৭ মেট্রিক টন ধরা হয়েছে। কোম্পানিভিত্তিক শেয়ারও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত এল এমন এক সময়, যখন সরকার একদিকে খুচরা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, অন্যদিকে সরবরাহ চাপ কমাতে বাজারে অতিরিক্ত তেল ছাড়ার পদক্ষেপ নিচ্ছে।

নির্দেশনা অনুযায়ী দৈনিক ১৩ হাজার ৪৮ মেট্রিক টন ডিজেল, ১ হাজার ৫১১ মেট্রিক টন পেট্রোল ও ১৪২২ মেট্রিক টন অকটেন বিক্রি করা হবে।

বিপিসির তথ্য বলছে, এ বছর এপ্রিলে দৈনিক গড়ে ডিজেল বিক্রি ১১ হাজার ১০৭ টন। গত বছর এপ্রিলে গড়ে বিক্রি ছিল ১১ হাজার ৮৬২ টন। এ বছর প্রতিদিন ডিপো থেকে গড়ে অকটেন সরবরাহ ১ হাজার ১২৯ টন। আগের বছর যা ছিল গড়ে ১ হাজার ১৮৫ টন। অপরদিকে গড়ে পেট্রোল বিক্রি হয়েছে ১ হাজার ২৫৩ টন। আগের বছরে এপ্রিলে দিনে গড়ে বিক্রি ছিল ১ হাজার ৩৭৪ টন।

এদিকে শনিবার রাতে সরকার চার ধরনের তেলের দাম এক লাফে ১০ শতাংশের বেশি বাড়িয়েছে। নতুন দর নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ডিজেল ১১৫, অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ ও কেরোসিন ১৩০ টাকা, যা রোববার থেকে কার্যকর হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়