উল্লাপাড়ায় পার্কিং ফি আদায় বন্ধে উদ্যোগ নিলেন এমপি রফিকুল ইসলাম খান
মনিরুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌর শহরের বিভিন্ন স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে যানবাহন থেকে পার্কিং ফি নামে অর্থ আদায়ের প্রথা বন্ধে উদ্যোগ নিয়েছেন জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। ১৮ এপ্রিল শনিবার সকালে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে এ উদ্যোগটি নেওয়া হয়।
এ সময় এমপি রফিকুল ইসলাম খান বলেন, উল্লাপাড়াকে চাঁদাবাজিমুক্ত করা আমার নির্বাচনী অঙ্গীকার ছিল। নির্ধারিত বাস টার্মিনাল ছাড়া অন্য কোথাও কোনো যানবাহন থেকে পার্কিং ফি আদায় করা যাবে না। যদি কেউ এ নিয়ম ভঙ্গ করে অর্থ আদায়ের সঙ্গে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে টাকা আদায়ের কারণে পরিবহন শ্রমিক ও চালকদের ভোগান্তি বাড়ছিল।
এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পরিবহন খাতে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধারেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, দপ্তর সম্পাদক আব্দুল বারীসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং পরিবহন শ্রমিকরা। স্থানীয়দের মতে, এই উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়িত হলে দীর্ঘদিনের অনিয়ম দূর হবে এবং উল্লাপাড়ার পরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।