শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩১

সংবাদের আলো ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৬৯ জন আহত হয়েছেন। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিস্ফোরণে কেঁপে ওঠে মসজিদটি।  

২০২৩ সালে পেশোয়ারে একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। ওই ঘটনার পর আজকে পাকিস্তানে কোনো মসজিদে বিস্ফোরণে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটল।

প্রাথমিক তদন্তে জানা যায়, পাকিস্তান তেহরিক-ই-তালেবানের (টিটিপি) এক সন্ত্রাসী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে পুলিশ।

সংবাদমাধ্যম সিএনএনকে পুলিশ জানায়, জুমার নামাজের সময় আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়।

বার্তাসংস্থা এএফপিকে একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, হামলকারীকে মসজিদের প্রবেশদ্বারে আটকে দেওয়া হয়। তখন তিনি নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটান।

ইসলামাবাদ প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, তারা চিকিৎসার জন্য ১৬৯ জনকে হাসপাতালে পাঠিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মসজিদের ভেতর মানুষের মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর মসজিদের জানালার গ্লাসগুলো সব ভেঙে গেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

গত বছরের নভেম্বরে এক আত্মঘাতী বোমা হামলাকারী ইসলামাবাদ ডিস্ট্রিক জুডিশিয়াল কমপ্লেক্ষের গেটে নিজেকে উড়িয়ে দেন। এতে ১২ জন নিহতসহ কয়েক ডজন মানুষ আহত হন।

এছাড়া ২০০৮ সালে এক হামলাকারী ইসলামবাদের ম্যারিয়ট হোটেলের সামনে ময়লার ট্রাকে বিস্ফোরণ ঘটায়। এতে ৬৩ জন নিহত এবং ২৫০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়