সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ধর্ম অবমাননার অভিযোগে চাটমোহরে কলেজছাত্র গ্রেফতার

সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে হিন্দু ধর্মাবলম্বীদের দেব-দেবী নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আওলাদ হোসেন (১৯) নামের এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মোহর চাঁদের ছেলে এবং চাটমোহর সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত চড়ক পূজা উপলক্ষে আওলাদ একটি ভিডিও তৈরি করেন। এতে হিন্দু ধর্মাবলম্বীদের দেব-দেবী ও ধর্মীয় অনুভূতি নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বুধবার ‘কেসিপি মিন্টু ব্লগস’ নামে একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নজরে এলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় শুক্রবার সমীর বিশ্বাস নামের এক ব্যক্তি বাদী হয়ে চাটমোহর থানায় ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে পুলিশ আওলাদ হোসেনকে আটক করে। শনিবার সকালে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চাটমোহর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী বলেন, “ঘটনাটি দুঃখজনক। চাটমোহর সম্প্রীতির এলাকা হিসেবে পরিচিত। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনের যথাযথ প্রয়োগ প্রত্যাশা করি। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ধর্ম অবমাননার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়