ইরান ইস্যুতে আরও নমনীয় ট্রাম্প, প্রকাশ করলেন নতুন ইচ্ছা
সংবাদের আলো ডেস্ক: ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেও কূটনৈতিকভাবে নমনীয় অবস্থান দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইসলামাবাদে আলোচনায় অগ্রগতি হলে ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে সরাসরি বৈঠক করতে তার কোনো আপত্তি নেই।
সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ট্রাম্প ইচ্ছা প্রকাশ করে বলেন, ‘তারা (ইরানিরা) যদি দেখা করতে চান, আমার কোনো সমস্যা নেই।’ একই সঙ্গে তিনি ইরানের পক্ষ থেকে আলোচনায় না আসার ঘোষণাকে গুরুত্ব না দিয়ে বলেন, ‘আমাদের আলোচনা হওয়ার কথা-আমি মনে করি, এখন কেউই (কূটচাল) খেলা খেলছে না।’
তিনি আরও নিশ্চিত করেছেন যে মার্কিন প্রতিনিধি দল ইতোমধ্যে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা শুরু করেছে। প্রতিনিধি দলে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। ট্রাম্প জানান, তারা স্থানীয় সময় (সোমবার) রাতেই ইসলামাবাদে পৌঁছাবেন।
যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে চলমান যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে, যা পরিস্থিতির গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। আলোচনার মূল ইস্যু হিসেবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র কর্মসূচি ছাড়তে হবে। তার ভাষায়, ‘তাদের পারমাণবিক অস্ত্রের পরিকল্পনা বন্ধ করতে হবে-এটাই খুব সহজ বিষয়।’
তবে আলোচনায় ব্যর্থতা হলে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে-সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি ট্রাম্প। কেবল ইঙ্গিত দিয়ে বলেন, ‘আপনি কল্পনা করতে পারেন, সেটি সুখকর হবে না।’
বিশ্লেষকদের মতে, কঠোর অবস্থানের পাশাপাশি সরাসরি আলোচনার আগ্রহ প্রকাশ ট্রাম্পের কৌশলগত নমনীয়তার ইঙ্গিত দেয়, যা ভবিষ্যৎ কূটনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।