আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ চোলাইমদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ চোলাইমদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় চোলাইমদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত ছিল গ্রেপ্তারকৃতরা।
গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানা পুলিশের এসআই সমির রায়, এএসআই মামুন হোসেন ও এএসআই অনুপম বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার গভীর রাতে উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ জোবারপাড় গ্রামে অভিযান চালায়।
এসময় রূপচাঁদ অধিকারীর ছেলে বাদল অধিকারী (৪৫) ও সর্বেশ্বর হালদারের ছেলে তাপস হালদার (৫০) কে তিনটি ড্রামে সংরক্ষিত ১৭০ লিটার চোলাইমদ, মদ তৈরির উপকরণ ও একটি মদ তৈরির মেশিনসহ আটক করা হয়। এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসীর ভাষ্যমতে, দীর্ঘদিন ধরেই বাদল ও তাপস এলাকায় চোলাইমদ তৈরি ও সরবরাহ করে আসছিল। তাদের গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।