বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সরিষাবাড়ীতে চাঁদা না পেয়ে সুপারভাইজার ও ইঞ্জিনিয়ারকে মারধর করে রাস্তার কাজ বন্ধ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে মহাসড়ক নির্মাণকাজে চাঁদা না দেওয়ায় সুপারভাইজার ও সাইড প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বখাটে যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় (বুধবার ৯ জুলাই) দুপুরে তারাকান্দি অস্থায়ী সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন ঠিকাদারি প্রতিষ্ঠান আবেদ মনসুর কনস্ট্রাকশনের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক আনোয়ার হোসেন।

আহতরা হলো- সাইড প্রকৌশলী মাজেদুর রহমান ও সুপারভাইজার মো: সানি। আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়। স্থানীয় ও ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে প্রায় ৭৮ কোটি টাকা ব্যয়ে দিগপাইত-সরিষাবাড়ী-তারাকান্দি বাইপাস মহাসড়কের ৬ দশমিক ৪০০ কিলোমিটার প্রশস্তকরণ প্রকল্পের কাজ করছে কংক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজি লিমিটেড, আবেদ মনসুর কনস্ট্রাকশন ও হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড (জেভি)।

ঠিকাদায়ের লোকজন মঙ্গলবার (৮ জুলাই) রাত ১০টার দিকে হাবুর মোড় এলাকায় ২টি ড্রাম ট্রাক ভর্তি বালি ফেলতে যায় কোনাবাড়ী হাবুর মোড় এলাকায়। এসময় স্থানীয় কোনাবাড়ী গ্রামের তারা মিয়ার ছেলে নাঈম , ময়েজ উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া ও সোহরাব হোসেনের ছেলে ফারুকের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা কাজ বন্ধ করে দেয়।

বুধবার ৯ জুলাই সকালে সুপারভাইজার সানি ও প্রকৌশলী মাজেদুর রহমান পুনরায় কাজ শুরু করতে গেলে চাঁদা পরিশোধ না করলে কাজ বন্ধ রাখতে বলে। চাঁদা দিতে অস্বীকার করলে তাদের দুইজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। আতঙ্কে তারা মোটরসাইকেল যোগে ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করলে হামলাকারীরা তাদের ধাওয়া করে এবং সুপারভাইজারের হাতে থাকা একটি মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তারা।

এ ঘটনায় নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর থেকে নাঈম, বাচ্চু ও ফারুক গা ডাকা দিয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী চা বিক্রেতা আনোয়ার হোসেন, শামীম মিয়াসহ অনেকেই বলেন, স্থানীয় নাঈম, বাচ্চু, ফারুক মিয়াসহ কয়েকজন ঠিকাদারের লোকজনের কাছে চাঁদা দাবি করে।

দিতে না চাইলে বখাটেরা তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের বাধা দিতে গেলে তারাও গালিগালাজ ও হুমকির মুখে পড়েন। তারা আরো বলেন, সরকার যেখানে কোটি কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কাজ করছে, সেখানে কিছু চিহ্নিত গোষ্ঠী সন্ত্রাসী কায়দায় চাঁদাবাজি করে তা বাধাগ্রস্ত করছে, যা অত্যন্ত দুঃখজনক। এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

একইসঙ্গে, গুরুত্বপূর্ণ এই সড়ক প্রকল্পের কাজ যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান আবেদ মনসুর কনস্ট্রাকশনের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, সড়ক নির্মার্ণের কাজ করলে তাদের টাকা দিতে হবে জানান চাঁদাবাজরা। চাঁদা দিতে অস্বীকার করায় দুইজনকে মারধর করে এবং কাজ বন্ধ করে দিয়েছে তারা।

এ ঘটনায় তারাকান্দি সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।  এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য নিতে সন্ধায় তাদের এলাকায় গেলে খোঁজে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান সাংবাদিকদের জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ থানায় জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়