মেধা ও বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কালীগঞ্জে দিনব্যাপী শিক্ষা ও উদ্ভাবনী প্রদর্শনী
পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: “মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে ধারণ করে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পর্যায়ে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী শিক্ষা ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল ৯টা থেকে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (SEDS)-এর উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন। তিনি প্রদর্শনী পরিদর্শন করে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
প্রদর্শনীতে উপজেলার বালীগাঁও উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়, সাওরাইদ উচ্চ বিদ্যালয়, তুমুলিয়া বালক উচ্চ বিদ্যালয়, বেরুয়া আব্দুর রাফে খান উচ্চ বিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী হাই স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজ, বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়, জুগুলী উচ্চ বিদ্যালয়, খইকারা উচ্চ বিদ্যালয়, পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তাধারা, বৈজ্ঞানিক গবেষণা ও সৃজনশীল প্রকল্প উপস্থাপন করে উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। বিভিন্ন স্টলে প্রদর্শিত প্রকল্পগুলো শিক্ষার্থীদের মেধা ও প্রযুক্তিনির্ভর চিন্তার পরিচয় তুলে ধরে।
প্রধান অতিথির বক্তব্যে একেএম ফজলুল হক মিলন এমপি বলেন, “শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী কার্যক্রম ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সহায়তা করবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে।”
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করা হয়। জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মিনহা আক্তার পবিত্র কুরআন তেলাওয়াত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার জিনাত রেহানা শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরোয়ার লিমা, উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, খাইরুল আহসান মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
দিনব্যাপী প্রদর্শনী শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। সফল আয়োজন ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।