ফটিকছড়িতে বাসচাপায় বাবা-ছেলে নিহত
সংবাদের আলো ডেস্ক: চট্টগ্রাম–খাগড়াছড়ি মহাসড়কের পাইন্দংয়ে বাসচাপায় পিতা ও তাঁর ছেলে নিহত হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা একটি বিআরটিসি বাসে অগ্নিসংযোগ করে।
সোমবার (০১ জুন) সকাল ১০টার দিকে আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন করবল্লা টিলার মালেক শাহ মসজিদ এলাকার বাসিন্দা এজাহার মিয়ার ছেলে মো. শাহজাহান (৫০) এবং তাঁর ছেলে মোহাম্মদ আরিফ (১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাহান ও তাঁর ছেলে পাশের বৃন্দাবনহাট এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজ পরিচালনা করতেন। সকালে মোটরসাইকেলে করে গ্যারেজে যাওয়ার পথে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামমুখী একটি বিআরটিসি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা দুর্ঘটনার জন্য দায়ী অভিযোগ তুলে একটি বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটির বেশ কিছু অংশ পুড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, চট্টগ্রাম–খাগড়াছড়ি মহাসড়কে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। তাঁদের অভিযোগ, যানবাহনের অতিরিক্ত গতি, ট্রাফিক আইন অমান্য এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সহায়তায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।