আলফাডাঙ্গায় বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ; আওয়ামী লীগ ও জামায়াত সংশ্লিষ্টদের সদস্যপদে ‘রেড সিগন্যাল’
আলমগীর কবির, (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১১ এপ্রিল) সকালে অনুষ্ঠিত উপজেলা ও পৌর বিএনপির এক গুরুত্বপূর্ণ বর্ধিত সভায় নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর পরিবারের কেউ বিএনপির সদস্য হতে পারবেন না। এই সিদ্ধান্তে কোনো ধরনের আপোষ করা হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সকাল ৯টা ৩০ মিনিটে আলফাডাঙ্গা উপজেলা কনফারেন্স হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দলের আদর্শিক অবস্থান সুদৃঢ় করার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেন। অনুপ্রবেশ ঠেকানো এবং তৃণমূল পর্যায়ে প্রকৃত জাতীয়তাবাদী শক্তির বিকাশ ঘটানোই ছিল সভার মূল লক্ষ্য।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। তিনি বলেন,
”দলীয় শৃঙ্খলা এবং আদর্শের জায়গায় আমাদের আপোষহীন হতে হবে। শহীদ জিয়ার আদর্শ লালনকারী প্রকৃত কর্মীরাই দলের মূল শক্তি। কোনো সুবিধাবাদী বা অন্য ঘরানার কারো জায়গা এই দলে হবে না।”
আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. রবিউল হক রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস।
সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন,
মো. মনিরুজ্জামান মনির (সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি)
মো. ইস্রাফিল মোল্লা (সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি)
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নূর জামাল খসরু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব।
সাংগঠনিক দিকনির্দেশনায় বক্তারা অভিযোগ করেন, বিগত বছরগুলোতে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল বা যারা জামায়াত সংশ্লিষ্ট পরিবারের সদস্য, তারা যেন কৌশলে বিএনপির সদস্যপদ লাভ করতে না পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। দলকে শক্তিশালী করতে এবং আসন্ন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উপজেলা, পৌর ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় বক্তব্য প্রদান করেন, উপজেলা বিএনপির সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মাসুদ মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ শিকদার, উপজেলা বিএনপির আইন বিষয় সম্পাদক এডভোকেট হেমায়েত হোসেন, উপজেলা বিএনপির সদস্য বুড়াইচ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: আমিনুর রহমান, পৌর বিএনপির দপ্তর সম্পাদক ফারুক হোসেন কাজল,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো: নজরুল ইসলাম, বিএনপি নেতা শ্রী নির্মল কুমার ঘোষ ঝন্টু, প্রিন্স মাস্টার, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কদর, বিএনপি নেতা ডা: ওহিদুজ্জামান, বিএনপি নেতা শেখ জুলফিকার হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাদী জিয়াউর রহমান, আসাদুজ্জামান বটুর বিশ্বাস, যুবদল নেতা লিয়াকত বিশ্বাস, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরব আলী প্রমূখ।
সভায় উপজেলা ও পৌর এবং ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় প্রধান অতিথি খন্দকার নাসিরুল ইসলাম আগামী তিন দিনের মধ্যে ইউনিয়ন কমিটি এবং পৌর সভার ও ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।