শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারকারী আটক
শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে মো. সেলিম মিয়া (৩৪) নামে এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আটক সেলিম মিয়া শ্রীবরদী উপজেলার বোগলাকান্দি গ্রামের মো. ওয়াদুদ মিয়ার ছেলে।
বিজিবি জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে শ্রীবরদী উপজেলার বাবলাকোনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেলিম মিয়াকে আটক করা হয়।
পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্ট দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সেলিম মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, এ চক্রের সঙ্গে শ্রীবরদী উপজেলার ঝুলগাঁও গ্রামের মো. স্বপন ও বৈষ্ঠমপাড়া গ্রামের মো. সুমন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।