নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’। আগামী ১০ নভেম্বর বিকেল ৩টায় জেলা স্টেডিয়াম মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে পুরো জেলাজুড়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা ক্রীড়া সংস্থার হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার এনামুল হক। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাজ্জু এবং জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ। এসময় টুর্নামেন্টের থিম সং, ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার ১১টি উপজেলা ও ১টি পৌরসভাসহ মোট ১২টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে মাইকিং, বিলবোর্ড এবং পোস্টারের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে, যাতে সর্বস্তরের মানুষ এই টুর্নামেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
এসময় এনামুল হক বলেন, যুব সমাজকে মাঠমুখী করার পাশাপাশি তৃনমুল পর্যায় থেকে মেধাবী ও দক্ষ খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্য নিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে জেলার ১১টি উপজেলা ও ১টি পৌরসভা থেকে মোট ১২টি দল অংশগ্রহন করবে। চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর।
তিনি আরও বলেন, গত দুই বছর ধরে নওগাঁর ফুটবলে একটি কঠোর নীতি অনুসরণ করা হচ্ছে—স্থানীয় টুর্নামেন্টগুলোতে কোনো বিদেশি খেলোয়াড়কে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না। অতীতে দেখা গেছে, কিছু অসাধু ব্যবসায়ী বা টুর্নামেন্ট কমিটি কেবল ব্যবসার খাতিরে টুর্নামেন্ট আয়োজন করলেও স্থানীয় খেলোয়াড়দের খোঁজখবর রাখত না। এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নিজস্ব খেলোয়াড় তৈরির ওপর সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে খুব শীঘ্রই একটি বার্ষিক ক্রীড়া ক্যালেন্ডার প্রণয়ন করা হবে। যার আওতায় ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল ও ভলিবল খেলা প্রতিটি ইউনিয়ন ও উপজেলা পর্যায় থেকে ধাপে ধাপে পরিচালনা করা হবে, যাতে সেখান থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী জেলা দল গঠন করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।