কোনো ডিসেম্বরেই আপার এ দেশে আসার সুযোগ নেই’
সংবাদের আলো ডেস্ক: “কোনো ডিসেম্বরেই আপার এ দেশে আসার সুযোগ নেই, আমরা প্রস্তুত আছি”—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ এবং জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন
নাহিদ ইসলাম বলেন, “আগামী ডিসেম্বর মাসে মনে হয় কেউ দেশে আসতে চাচ্ছে। আপনারা কি প্রস্তুত আছেন? জুলাই গণ-অভ্যুত্থানে যেভাবে প্রস্তুত ছিলাম, এবারও কি সেভাবে প্রস্তুত আছি? এবার কি আগের চেয়ে বেশি হবে না কম হবে?”
বিচারের দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আগেরবার আমরা অনেক উদারতা দেখিয়েছি, ক্ষমা করেছি। ওসমান হাদির ভাষায় শত্রুর প্রতি ইনসাফ ও ন্যায়বিচারের কথা বলেছি। কিন্তু গত দুই বছরেও আমরা ওসমান হাদি এবং জুলাইয়ের শহীদদের হত্যার বিচার পাইনি।”
বিচার না পেলে জনগণ নিজেরাই প্রতিরোধ গড়ে তুলবে উল্লেখ করে তিনি আরও বলেন, “ডিসেম্বর আমাদের প্রতিরোধের ও বিজয়ের মাস। ৭১ ও ২৪-এর মতো ২০২৬ সালেও আমরা বিজয় লাভ করব ইনশাআল্লাহ। আগামী সব ডিসেম্বরেই ছাত্র-জনতার জয় হবে।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ছাত্ররাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, কেবল নবীনদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো ছাত্রসংগঠনের কাজ নয়; আবাসন, পরিবহন ও শ্রেণিকক্ষ সংকট নিরসনে আন্দোলন করাই তাদের মূল দায়িত্ব। একই সাথে অতীতের র্যাগিং, গেস্টরুম ও গণরুম সংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে মেধাভিত্তিক বাংলাদেশ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি। জাতীয় ছাত্রশক্তির নোবিপ্রবি শাখা আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।