সিরাজগঞ্জের সলঙ্গায় মাছ আড়ৎ থেকে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে সলঙ্গায় অভিযান চালিয়ে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সলঙ্গা থানার কুতুবের চর মৎস্য আড়তদার সমবায় সমিতিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির।
অভিযানে প্রায় ১ হাজার ৪০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। মাছের মালিককে ঘটনাস্থলে না পেয়ে সেখানে থাকা দুই ব্যক্তিকে এক হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাছগুলো ময়মনসিংহ থেকে আনা হয়েছিল। প্রতি কেজি ২০০ টাকা হিসাবে জব্দ করা মাছের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮ হাজার টাকা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, পিরানহা মাছ দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। পরে জব্দ করা মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।