চলন্ত ট্রেনের ছাদে যাত্রীকে পিটিয়ে ছিনতাই, জামতৈলে আটক ১
খাইরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে চলন্ত ট্রেনে এক যাত্রীকে মারধর করে টাকা, মুঠোফোন ও ঘড়ি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুজনের বিরুদ্ধে। পরে জামতৈল রেলওয়ে স্টেশনে ট্রেন থামলে ভুক্তভোগী যাত্রীর চিৎকারে স্থানীয় লোকজনের সহায়তায় একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়। এ সময় অপর ব্যক্তি পালিয়ে যান। সোমবার সকালে দিকে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম সামছুল হক (২৩)। ভুক্তভোগী যাত্রী তানভীর আহমেদ (১৮) দিনাজপুরের বিরামপুর এলাকার বাসিন্দা। তিনি আবু বক্কার সিদ্দিকের ছেলে।
তানভীর আহমেদ বলেন, সরকারি একটি চাকরির পরীক্ষা শেষে বাড়ি ফেরার জন্য ঢাকা থেকে তিনি নীলসাগর এক্সপ্রেস ট্রেনে উঠেছিলেন। যমুনা রেলসেতুর আগে একটি স্টেশনে কিছু কেনার জন্য নামেন। পরে ভিড়ের কারণে ট্রেনের ভেতরে উঠতে না পেরে ছাদে ওঠেন। যমুনা রেলসেতু পার হওয়ার সময় দুজন তাঁকে ধরে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন। এরপর তাঁর কাছে থাকা ২ হাজার ৯০০ টাকা, একটি ঘড়ি ও একটি স্মার্টফোন নিয়ে নেন।
তানভীর বলেন,আমি তাঁদের অনুরোধ করে বলি, আমার মুঠোফোন ও ১০০ টাকা দেন। মুঠোফোনে চাকরির অনেক কাগজপত্র আছে। বাকি সব নিয়ে যান। পরে তাঁরা আমাকে ১০০ টাকা দিয়ে মুঠোফোনসহ অন্য জিনিস নিয়ে নেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, ছিনতাইয়ের অভিযোগে আটক ব্যক্তিকে রেলওয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।