,

শিরোনাম

রান্নাঘর থেকে ৫৬ বস্তা সার উদ্ধার, ১৫ হাজার টাকা জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে অবৈধভাবে মজুদ করা ৫৬ বস্তা সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধভাবে সার মজুদের দায়ে মো: জামাল উদ্দিন নামে এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতি হাজিরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। তিনি জানান,  উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতি হাজিরহাট গ্রামের মো. জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার মজুদ করে আসছিলেন। 

গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির রান্নাঘর থেকে অবৈধভাবে মজুদ করা ৫৬ বস্তা সার উদ্ধার করা হয়। উদ্ধার করা সারের মধ্যে ৪০ বস্তা ইউরিয়া, ৪ বস্তা এমওপি এবং ১২ বস্তা ডিএপি সার রয়েছে। পরে জব্দ করা ৫৬ বস্তা সার সরকারি নির্ধারিত মূল্যে অনুমোদিত ডিলারের কাছে বিক্রি করা হয়। এসব সারের মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ৭০ হাজার ৬০০ টাকা।

অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার কোনোভাবেই অবৈধভাবে মজুদ বা কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ সার মজুদ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়