,

শিরোনাম

হাদী হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের পদযাত্রা

সংবাদের আলো ডেস্ক: শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচারসহ তিন দফা দাবিতে পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৭ অক্টোবর) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে পদযাত্রাটি শুরু হয়।

কর্মসূচির শুরুতে জিরো পয়েন্টে দোয়া ও মোনাজাত করা হয়। পরে বন্দর এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে দাবিসংবলিত লিফলেট বিতরণ করেন সংগঠনের নেতাকর্মীরা। প্রথম দিনে বাংলাবান্ধা থেকে পায়ে হেঁটে প্রায় ২১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেঁতুলিয়ায় গিয়ে কর্মসূচি শেষ করার কথা রয়েছে। ডিসেম্বরের মধ্যে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত এ কর্মসূচি চালানোর ঘোষণা দিয়েছে সংগঠনটি।

উদ্বোধনী বক্তব্যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ শরিফ ওসমান হাদী হত্যার প্রায় ১০ মাস পার হলেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো সুস্পষ্ট বার্তা পাওয়া যায়নি।

তিনি দাবি করেন, হাদী হত্যায় ভারত, আওয়ামী লীগ ও ‘র’ সরাসরি জড়িত। হত্যাকাণ্ডটিকে সাধারণ কোনো হত্যার ঘটনা হিসেবে না দেখে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হিসেবে বিবেচনা করে দ্রুত তদন্ত ও বিচার সম্পন্ন করার দাবি জানান তিনি।

আব্দুল্লাহ আল জাবের বলেন, বাংলাদেশে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ড ও সহিংসতার সঙ্গে ভারতের ভূমিকা রয়েছে বলে তারা মনে করেন। তবে ইনকিলাব মঞ্চের আন্দোলন কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, আধিপত্যবাদের বিরুদ্ধে। অন্য কোনো রাষ্ট্র বাংলাদেশে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করলেও তারা এর বিরোধিতা করবেন বলে জানান তিনি।

সংগঠনটির তিন দফা দাবির মধ্যে রয়েছে শহীদ ওসমান বিন হাদীর হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা। পাশাপাশি ভারতে অবস্থানরত খুনিদের ডিসেম্বরের মধ্যে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে পথে বিভিন্ন বাজারে দাবিসংবলিত লিফলেট বিতরণ করা হবে। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ‘মার্চ ফর ইনসাফ’-এর মাধ্যমে জনসমর্থন গড়ে তোলার পাশাপাশি তারা সরকারকে সহযোগিতা করতে চায়। তবে দাবি বাস্তবায়নে গড়িমসি বা আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

কর্মসূচিতে স্থানীয়দের পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরসহ ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়