,

শিরোনাম

তিন ঘণ্টার মধ্যে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

সংবাদের আলো ডেস্ক: উত্তর কোরিয়া পূর্ব উপকূল থেকে তিন ঘণ্টার মধ্যে দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রবিবারের (২০ সেপ্টেম্বর) এই পরীক্ষা প্রায় এক সপ্তাহের মধ্যে দেশটির দ্বিতীয় দফার ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার বিকেলে পূর্ব সাগরের দিকে প্রথম স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর প্রায় তিন ঘণ্টা পর একই এলাকা থেকে আরও একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানায়, প্রথম ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ওনসান এলাকা থেকে নিক্ষেপ করা হয়। এটি প্রায় ৪৫০ কিলোমিটার দূরে গিয়ে পড়ে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর ধারণা, এটি হোয়াসং-১১ সিরিজের ক্ষেপণাস্ত্র।

দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে একই এলাকা থেকে নিক্ষেপ করা হয়। এটি ৬০০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও প্রথম ক্ষেপণাস্ত্রটিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করেছে। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পড়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের শুরু থেকেই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জাপানের সঙ্গেও এ বিষয়ে তথ্য বিনিময় করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে। তারা অবিলম্বে এ ধরনের ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে। পরিষদ বলেছে, এই পরীক্ষা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সরাসরি লঙ্ঘন।

জাপানও কূটনৈতিকভাবে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি বলেছেন, উত্তর কোরিয়ার ধারাবাহিক এসব কর্মকাণ্ড জাপান, অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।

এর আগে ১২ সেপ্টেম্বরও উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। শনিবার দেশটি তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার একটি প্রস্তাব প্রত্যাখ্যান করে।

এ ছাড়া গত সপ্তাহে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত একটি নৌ মহড়ারও নিন্দা জানায়। দক্ষিণ কোরিয়া ও জাপান অংশ নেওয়া ওই মহড়া ২৯ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত গুয়ামের কাছে অনুষ্ঠিত হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়