রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক
সংবাদের আলো ডেস্ক: সফররত ফরাসি সিনেটরদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, জুলাই বিপ্লব-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা, গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার, জুলাই সনদ, সংসদীয় কার্যক্রম, জলবায়ু পরিবর্তনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ফরাসি প্রতিনিধিদলে ছিলেন সিনেটর গিয়োম শেভ্রিয়েঁ, সিনেটর পিয়ের-আলাঁ রোয়েরোঁ ও সিনেটর অলিভিয়ের হেনো। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং ঢাকায় ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক শাখার প্রধান ক্রিশ্চিয়ান বেক।
জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহাদ মাবরুর।
বৈঠকে জামায়াতের প্রতিনিধিরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও জুলাই বিপ্লব-পরবর্তী পরিবর্তিত বাস্তবতা সম্পর্কে ফরাসি প্রতিনিধিদলকে তাদের মূল্যায়ন তুলে ধরেন। একই সঙ্গে গণতান্ত্রিক উত্তরণ এবং চলমান রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়। জামায়াতের পক্ষ থেকে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, জবাবদিহি নিশ্চিত করা এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় অর্থবহ ও টেকসই সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় জুলাই সনদের গুরুত্ব এবং এতে থাকা বিভিন্ন অঙ্গীকারকে কার্যকর প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক ব্যবস্থায় রূপ দেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়।
বৈঠকে জামায়াতের প্রতিনিধিরা অভিযোগ করেন, প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সরকারের যথাযথ উদ্যোগের অভাব রয়েছে। তারা বলেন, প্রয়োজনীয় সংস্কার কোনোভাবেই বিলম্বিত করা উচিত নয়। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে, তা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও শাসনব্যবস্থার সংস্কারের মাধ্যমে প্রতিফলিত করা প্রয়োজন।
সংসদীয় কার্যক্রম ও সংসদীয় গণতন্ত্র নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। জামায়াতের প্রতিনিধিরা জাতীয় সংসদের কার্যকারিতা আরও বাড়ানো, বিরোধী দলগুলোর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা এবং গণতান্ত্রিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংসদীয় চর্চা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন। এ ছাড়া, সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে গঠনমূলক সংলাপ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক উপায়ে সমাধানের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
বৈঠকে বিরোধী দলগুলোর চলমান রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন নিয়েও আলোচনা হয়। এ সময় জামায়াতের প্রতিনিধিদল বিভিন্ন কর্মসূচি, বিশেষ করে লংমার্চের রাজনৈতিক প্রেক্ষাপট ও উদ্দেশ্য সম্পর্কে ফরাসি সিনেটরদের অবহিত করেন। রাজনৈতিক অধিকার ও দাবি আদায়ের কর্মসূচি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সাংবিধানিক পদ্ধতিতে পরিচালনার ওপর গুরুত্ব দেন তারা।
আলোচনায় জলবায়ু পরিবর্তনের বিষয়টিও গুরুত্ব পায়। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ অবস্থানের কথা তুলে ধরে জামায়াতের প্রতিনিধিরা আন্তর্জাতিক সহযোগিতা, পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন, অভিযোজন কর্মসূচি এবং প্রযুক্তি হস্তান্তর জোরদারের আহ্বান জানান।
অন্যদিকে ফরাসি সিনেটররা বাংলাদেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। তারা সংসদীয় গণতন্ত্র, রাজনৈতিক অংশগ্রহণ ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে জামায়াতের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।