আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নেভাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, ভস্মীভূত ৫ দোকান
আলমগীর কবির, (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার যোগিবরাট ভেন্নাতলা ০বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্যা (৩৮) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাত চারটার দিকে বাজারের নুর মিয়ার মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে।
বিস্ফোরণ ও হতাহত: আগুন লাগার খবর মাইকে প্রচার হলে স্থানীয়দের সাথে বাবুল মোল্যাও আগুন নেভাতে আসেন। এ সময় একটি লেদের দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হলে বাবুলসহ কয়েকজন গুরুতর আহত হন। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন।
আগুন নিয়ন্ত্রণ: বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় সকালের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বাজারের ৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, এতে প্রায় অর্ধ কোটি থেকে এক কোটি টাকার মালামাল পুড়ে ব্যবসায়ীরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন।
ভস্মীভূত দোকানগুলো হলো: নুর মিয়ার মুদি দোকান,সাহেব আলীর চায়ের দোকান,কেসমত আলীর সার ও কীটনাশকের দোকান,বাবর আলীর সাইকেল মেকানিকের লেদের দোকান, জাকির মোল্যার কাপড়ের দোকান পরিবারে শোকের মাতম নিহত বাবুল মোল্যা পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার হরিহরনগর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে ১ স্ত্রী ও চার কন্যাসন্তান ও পরিবারের মাঝে চলছে শোকের মাতম। পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।