,

শিরোনাম

শ্রীবরদীতে মাসিক আইনশৃঙ্খলা সভা: উপস্থিত এমপি মাহমুদুল হক রুবেল

মোঃ শাকিল আহমেদ, শ্রীবরদী প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি/মূখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল।

‎সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে উপজেলার জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎সভায় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুর রহিম দুলাল ও সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ আল মামুন দুলাল। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎সভায় সভাপতিত্ব করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ মনীষা আহমেদ।

‎আলোচনায় উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ দমন, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

‎এ সময় সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই সবার প্রধান দায়িত্ব।

‎সভাপতির বক্তব্যে ইউএনও মিজ মনীষা আহমেদ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে প্রশাসনের চলমান কার্যক্রম আরও জোরদার করার কথা জানান।

‎সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়