,

শিরোনাম

ইউক্রেনকে ড্রোন দেওয়ায় যুক্তরাজ্যকে চড়া মূল্য দিতে হবে: রাশিয়া

সংবাদের আলো ডেস্ক: রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলায় যুক্তরাজ্যের তৈরি ড্রোন ব্যবহারের তথ্য নিশ্চিত হওয়ার পর দেশটিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রাশিয়ার অভিযোগ, ইউক্রেন সংকটকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে যুক্তরাজ্য ইচ্ছাকৃতভাবে ভূমিকা রাখছে।

যুক্তরাজ্যে নিযুক্ত রুশ দূতাবাস এক বিবৃতিতে জানায়, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ব্রিটেন ‘রক্তাক্ত অপরাধ ও সন্ত্রাসী হামলার সহযোগী এবং সহঅপরাধী’ হিসেবে কাজ করছে। বিবৃতিতে আরও বলা হয়, লন্ডনের এসব কর্মকাণ্ডের অনিবার্য পরিণতি হবে এবং এর জন্য যুক্তরাজ্যকে জবাবদিহি করতে হবে। সংঘাতে ব্রিটেনের সম্পৃক্ততা যত গভীর হবে, তাদের দিতে হওয়া মূল্যও তত বাড়বে বলে সতর্ক করেছে মস্কো।

রাশিয়ার হুঁশিয়ারির জবাবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ইউক্রেনের পাশে ব্রিটেন ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ দাঁড়িয়ে আছে। তিনি বলেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনে এবং যুক্তরাজ্য ও দেশটির মিত্রদের বিরুদ্ধে যেকোনো রুশ আগ্রাসনের মোকাবিলায় সরকারের দৃঢ় অবস্থান নিয়ে রাশিয়ার কোনো সন্দেহ থাকা উচিত নয়।

মুখপাত্র আরও বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইউক্রেনের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, দুইটি পৃথক ব্রিটিশ কোম্পানি এসব ড্রোন তৈরি করেছে। রাশিয়ার ভেতরে সামরিক ও শিল্প স্থাপনায় হামলায় ড্রোনগুলো ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে তেল শোধনাগার এবং অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের গুদামও রয়েছে।

রাশিয়ার অ্যামাজন হিসেবে পরিচিত ওয়াইল্ডবেরিজকে ইউক্রেন বারবার হামলার লক্ষ্যবস্তু করেছে। ইউক্রেনের দাবি, ওয়াইল্ডবেরিজের ১০টি বৃহত্তম লজিস্টিকস কেন্দ্রের মধ্যে সাতটি অচল করে দেওয়া হয়েছে।

বিবিসিকে এক সামরিক সূত্র জানিয়েছে, এসব হামলায় ব্রিটিশ ড্রোন ব্যবহার করা হয়েছে। হামলাগুলোতে রাশিয়ার অর্থনীতিতে ৩ হাজার ৫০০ কোটি পাউন্ডের বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বর্তমানে দেশটি ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও বলেছেন, ব্রিটিশ উপাদান ও প্রযুক্তিগত বিন্যাস ব্যবহার করা ড্রোন রাশিয়ার ভূখণ্ডে হামলায় ব্যবহৃত হয়েছে। এর মধ্যে রোস্তভ অঞ্চলের কামেনস্কি জেলার একটি জ্বালানি ডিপোতে হামলার কথাও উল্লেখ করেছেন তিনি।

ইউক্রেনের সাম্প্রতিক ধারাবাহিক ড্রোন হামলার পরই যুক্তরাজ্যকে এই সতর্কবার্তা দিয়েছে মস্কো। সোমবারের সর্বশেষ হামলায় নয়জন নিহত ও ২৩ জন আহত হন। আহতদের মধ্যে একটি শিশুও ছিল।

ইউক্রেনে পারমাণবিক হামলা চালাতে পারে রাশিয়া!ইউক্রেনে পারমাণবিক হামলা চালাতে পারে রাশিয়া!

এর আগে, শনিবার রাতে ইউক্রেন রাশিয়ার দিকে প্রায় ৮২২টি ড্রোন ছুড়েছে বলে জানিয়েছেন দেশটির একটি অঞ্চলের গভর্নর। এর মধ্যে প্রায় ৬০০টি ড্রোন মস্কোমুখী ছিল। ওই গভর্নরের ভাষ্য অনুযায়ী, রুশ রাজধানী সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ড্রোন হামলাগুলোর একটির মুখে পড়েছিল। ওই রাতের হামলায় রাশিয়ার বিভিন্ন এলাকায় সাতজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়