সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় জাতীয় সংসদের বিরোধীদলকে অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের সংসদকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলকে অভিনন্দন জানাই। বিদ্যমান সংবিধানকে মেনে সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা।
তিনি আরও বলেন, বিরোধীদল ও একই দলের রাষ্ট্রপতি পদে অংশ নেওয়া কর্নেল অলি আহমেদও নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এটাই গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নির্ধারিত সময়ে রাষ্ট্রপতির জন্য নির্বাচনের যে আইন আছে, সেই অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে অংশগ্রহণ করে বিরোধীদল সাংবিধানিক প্রক্রিয়াকে এবং সংবিধানকে, বিদ্যমান সংবিধানকে স্বীকৃতি জানিয়েছে। সেজন্য তাদেরকে অভিনন্দন জানাই।
তিনি আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্রের চর্চার মধ্যে সরকারি ও বিরোধী দল তাদের নিজস্ব অবস্থান থেকে বিভিন্ন রকমের রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকেন। কিন্তু দিনশেষে সাংবিধানিক প্রক্রিয়াকে স্বীকৃতি দিয়ে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন। এটাই হচ্ছে গণতন্ত্রের জয়যাত্রা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্বীকৃতি দেওয়া।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি সত্যিই বিদ্যমান অবস্থা মেনে নিয়ে বিরোধীদল সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে থাকে, তাহলে বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের যে সদস্যরূপে তারা শপথ নিয়েছেন, সেটা সাংবিধানিকভাবেই ঠিক। এই স্বীকৃতি তারাই দিলেন। সেজন্য আবারও অভিনন্দন জানাই।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।