আসামে বিশাল ব্যবধানে জয়ের পথে বিজেপি
সংবাদের আলো ডেস্ক: ভারতের আসামের বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ের পথে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। গত ৯ এপ্রিল সেখানে নির্বাচন হয়। আজ ভোট গণনা চলছে। এতে দেখা যাচ্ছে এনডিএ জোট ১০১টি আসনে এগিয়ে আছে। অপরদিকে পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ২০০টিতে এগিয়ে বিজেপি।
আসামে ১২৬টি আসনে ভোটগ্রহণ হয়। সরকার গঠনের জন্য আসামের বিধানসভায় ৬৪টি আসনে জিততে হবে কোনো দল বা জোটকে। যা বিজেপির নেতৃত্বাধীন এনডিএ খুব সহজেই পেতে যাচ্ছে।
এনডিএর প্রধান প্রতিদ্বন্দ্বি কংগ্রেসের নেতৃত্বাধীন জোট মাত্র ২১টি আসনে এগিয়ে আছে। দুটি আসনে এগিয়ে এআইইউডিএফ জোট। সর্বশেষ নির্বাচনে অন্যান্য দল চারটি আসন পেলেও এবার তারা খালি হাতে ঘরে ফিরবে।
নিরঙ্কুশ জয়ের মাধ্যমে আসামে আবারও এনডিএ সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন হিমান্ত বিশ্ব শর্মা।
সর্বশেষ নির্বাচনে বিজেপির এনডিএ জোট পেয়েছিল ৭৩টি আসন। এবার তারা আরও ২৮টি বেশি আসনে জিততে যাচ্ছে। অপরদিকে অবনতি হয়েছে কংগ্রেস জোটের। তারা গতবার ৩১টি আসন পেলেও এবার ১০টি আসন কম পাবে।
ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার বিধানসভা নির্বাচনের ভোটগণনাও চলছে আজ। সর্বশেষ তথ্য অনুযায়ী, কেরালায় ক্ষমতাসীন সিপিএম থেকে বড় ব্যবধানে এগিয়ে আছে কংগ্রেস, অন্যদিকে পশ্চিমবঙ্গ-আসামে জয়ের থেকে থাকলেও দক্ষিণের এই রাজ্যে চরম বিপর্যয়ের মুখে পড়েছে বিজেপি।
কেরালার বিধানসভার মোট আসন ১৪০টি। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত কেরালার বিধানসভা ছিল বামপন্থি দল কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসিস্ট) বা সিপিএমের দখলে। তবে এবারের নির্বাচনের ফলাফল এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, সিপিএমের শাসন শেষ হওয়ার বার্তা মিলছে।
গত এপ্রিলে ভারতের ৪ টি রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে বিধানসভা নির্বাচন হয়েছে। আসাম, পদুচেরি ও কেরালায় ৯ এপ্রিল হয়েছিল ভোটগ্রহণ, আর পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ হয়েছে ২৩ এবং ২৯ এপ্রিল— এই দু’দিন। অপরদিকে তামিলনাড়ুতে ভোট হয় ২৩ এপ্রিল।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।