শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

এনসিপির জাতীয় কনভেনশন রোববার

সংবাদের আলো ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে রোববার (৩ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশন।

শনিবার (২ মে) রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দিনব্যাপী এই আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ, অ্যাক্টিভিস্ট, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন দলের নেতারা থাকবেন। তবে যোগাযোগ করা হলেও বিএনপির কেউ এখনও নিশ্চিত করেননি কারা থাকবেন।

নির্বাচনের পর সংস্কার ইস্যুতে তিনি বলেন, ‘তারা (সরকারি দল) শুরুই করল শপথ ভঙ্গ করে এবং তারা সংস্কার পরিষদে শপথ নেয়নি। তখন আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিই যে আমাদের পার্টি সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নেবে।’ 

তিনি আরও বলেন, ‘আমরা বুঝতে পারলাম, এটি আসলে একটি দীর্ঘমেয়াদি সংগ্রামের বিষয়। আমরা তখন থেকেই সভা-সেমিনার এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা শুরু করি—কীভাবে এই অচলাবস্থা দূর করা যায়—এসব বিষয় নিয়ে ধারাবাহিকভাবে কাজ করেছি।’

সরোয়ার তুষার বলেন, সকলের পরামর্শ ও মতামতের ভিত্তিতে জাতীয় কনভেনশন, সংস্কার বিষয়ক গণভোট এবং জুলাই সনদ নিয়ে বর্তমান যে অচলাবস্থা রয়েছে, তা নিরসনে এই কনভেনশনটি অত্যন্ত জরুরি। একইসঙ্গে দেশের জ্বালানি সংকট ও অর্থনৈতিক সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো তুলে ধরা হবে।

এদিকে বিএনপি নির্বাচনের আগে সংস্কারের কথা বললেও এখন আর সেই অবস্থানে নেই বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি অভিযোগ করে বলেছেন, এটি মূলত জনগণের সঙ্গে এক ধরনের লুকোচুরি।

আখতার হোসেন বলেন, ‘শপথ গ্রহণের দিনেই গণভোটের রায় অস্বীকার করেছে বিএনপি।’ তিনি উল্লেখ করেন, সংসদে এসব বিষয়ে আলোচনা ও আহ্বান জানানো হলেও সংবিধান সংস্কারের বিষয়ে দলটির স্পষ্ট আপত্তি ছিল। তিনি বলেন, ‘সংস্কার নয়, হাসিনার পতনের পর বিএনপির ইচ্ছে ছিল কোনোভাবে ক্ষমতায় যাওয়া।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়