প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন : শিক্ষামন্ত্রী
সংবাদের আলো ডেস্ক: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। একই সঙ্গে শিক্ষার পাশাপাশি তিনি খেলাধুলাকে আরও বেশি গুরুত্ব দিয়েছেন। আগামী ২০২৭ সালের কারিকুলামে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা, সংস্কৃতি, নৈতিক মূল্যবোধ এগুলোকে সম্পৃক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাত দত্ত স্টেডিয়ামে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা আগামী দিনে এমন এক প্রজন্ম গড়তে চাই—যে প্রজন্ম আগামীর বাংলাদেশ তৈরি করবে। যে প্রজন্ম বাংলাদেশকে সত্যিকার অর্থে নেতৃত্ব দেবে। জনাব তারেক রহমান শিক্ষায় সর্বোচ্চ বাজেট প্রণয়ন করেছেন। তিনি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। যে জায়গায় আজকের এই অনুষ্ঠানটি আমাদের সামনে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজের ভবিষ্যৎ নিজেকে গড়তে হবে। আগামী দিনে নিজের ভবিষ্যৎ নিজেকে গড়ার জন্য নিজেকে সবসময় সচেষ্ট থাকতে হবে। লেখাপড়া মনযোগ দিয়ে করতে হবে। এই দেশকে স্বাবলম্বী করতে হবে। এই দেশের যে জনসংখ্যা রয়েছে এটাকে মানবসম্পদে রূপান্তর করতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, খেলাধুলা লেখাপড়ার সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত থাকতে হবে। আজকে যারা বিজয়ী হবে এবং যারা পরাজিত হবে সেখান থেকে তোমাদের শিক্ষা নিতে হবে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।