দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে নামছেন জেলেরা
সংবাদের আলো ডেস্ক: দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে শুক্রবার (১ মে) থেকে দেশের ৬ জেলার ইলিশের অভয়াশ্রম এলাকায় মাছ ধরা শুরু হচ্ছে। এতে নতুন করে আশার আলো দেখছেন জেলেরা। নদীতে গিয়ে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরে ধার-দেনা পরিশোধ করে আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা।
ইলিশ উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে মার্চ ও এপ্রিল এই দুই মাস নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় নদী তীরবর্তী মৎস্য ঘাটগুলোতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। জেলেরা এখন জাল মেরামত, নতুন জাল বোনা এবং ট্রলার-নৌকা প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন।
ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন প্রায় ৩ লাখ জেলে। একই চিত্র চাঁদপুরেও সেখানে অর্ধলক্ষাধিক জেলে নদীতে নামার অপেক্ষায়। জেলে পল্লীগুলোতে দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ। তবে ডিজেলের দাম বৃদ্ধিতে কিছুটা উদ্বেগ রয়েছে জেলেদের মধ্যে। তারপরও ভালো মাছ ধরা পড়বে এমন আশায় তারা নদীমুখী হচ্ছেন।
মৎস্য অধিদফতরের কর্মকর্তারা জানান, এবারের নিষেধাজ্ঞা সফল হওয়ায় জাটকার প্রাচুর্যতা বেড়েছে। ফলে দেশে ইলিশ উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে প্রায় ৫ লাখ মেট্রিক টনে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করায় জাটকা সংরক্ষণ সম্ভব হয়েছে। আমরা আশা করছি, আগামী অর্থবছরে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, ভোলা ও চাঁদপুর জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা মোট ২ লাখ ২১ হাজার ৪২২ জন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।