শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

স্বাস্থ্যমন্ত্রীকে থামালেন প্রধানমন্ত্রী: ‘প্রশংসা একটু কম কইরেন’

সংবাদের আলো ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বক্তব্য দেওয়ার সময় বারবার প্রধানমন্ত্রীর প্রশংসা করায় স্বাস্থ্যমন্ত্রীকে প্রশংসা কম করতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে এ ঘটনা ঘটে।

সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বারবার প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করছিলেন। এ সময় প্রধানমন্ত্রী মঞ্চ থেকেই বলেন, “মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন।” এতে মিলনায়তনে উপস্থিতদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।

এর জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “খুব প্রশংসা করি নাই যতটুকু আপনি করতেছেন, সামান্যই বলেছি।”
 
বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী দেশের স্বাস্থ্য খাত উন্নয়নে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে সংশ্লিষ্ট সবাইকে পরিবর্তনের অংশ হতে হবে এবং মানবসেবাকে কেন্দ্রবিন্দুতে রেখে কাজ করতে হবে।

তিনি আরও জানান, সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় স্বাস্থ্য খাতসহ সব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। মাঠপর্যায়ের চিকিৎসকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তাদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি ও কাজের পরিবেশ উন্নয়ন সরকারের অগ্রাধিকার।

সম্মেলনে উপস্থিত স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশে তিনি আহ্বান জানান, ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করতে। পাশাপাশি উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়