ইরানে নিখোঁজ মার্কিন বিমান কর্মকর্তার তথ্য ফাঁসকারীকে খুঁজছে ট্রাম্প প্রশাসন
সংবাদের আলো ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তার বিষয়ে তথ্য ফাঁসের ঘটনায় জড়িত ব্যক্তিকে খুঁজছে তার প্রশাসন। খবর সিএনএনের।
যুক্তরাষ্ট্রের সময় সোমবার (৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘একজন তথ্য ফাঁসকারী (লিকার) তথ্য প্রকাশ করায় উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে পড়ে। আমরা তাকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা করছি।’
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যিনি এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন, সেই সাংবাদিক যদি তথ্যের উৎস প্রকাশ না করেন, তবে তাকে কারাদণ্ড দেয়া হতে পারে।’
ট্রাম্পের দাবি, দ্বিতীয় এক নিখোঁজ ক্রু সদস্যের তথ্য প্রকাশ পাওয়ায় যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান ব্যাহত হয়। এতে ইরান আগেভাগেই বিষয়টি জেনে গিয়ে ওই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা শুরু করে।
তিনি বলেন, ‘আমরা ওই সংবাদমাধ্যমের কাছে যাব এবং বলব, জাতীয় নিরাপত্তার স্বার্থে তথ্যের উৎস জানাতে হবে, না হলে জেলে যেতে হবে।’
তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ইঙ্গিত দিয়ে ট্রাম্প আরও বলেন, ‘আমাদের সেই ব্যক্তিকে খুঁজে বের করতেই হবে, কারণ সে একজন অসুস্থ মানসিকতার মানুষ।’



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।