,

শিরোনাম

নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ৮৮

সংবাদের আলো ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল ও যেকোনো ধরনের অস্থিতিশীলতা প্রতিরোধে নারায়ণগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের পাঁচ সদস্যসহ মোট ৮৮ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিনভর জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ উদ্যোগে এ সমন্বিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ও পরোয়ানাভুক্ত ৩২ জন আসামি, নিষিদ্ধ সংগঠনের পাঁচজন সক্রিয় সদস্য, একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং ৬৫ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা এলাকা থেকে সাত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সবচেয়ে বেশি ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তাদের মধ্যে ৪২ জনই মাদকসেবী।

এ ছাড়া নারায়ণগঞ্জ সদর থানা এলাকা থেকে ইয়াবাসহ ১৪ জন, রূপগঞ্জ থানা এলাকা থেকে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য ও মাদকসেবীসহ ১৪ জন, সোনারগাঁ থানা থেকে নয়জন, বন্দর থানা থেকে দুজন, সিদ্ধিরগঞ্জ থানা থেকে দুজন এবং আড়াইহাজার থানা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, জেলায় সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়