আগামীর বাংলাদেশ এনসিপি’র বাংলাদেশ: ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনি
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার গুনাইগাছ ব্রিজ সংলগ্ন এম এ মতিন কারিগরি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপি’র কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনি বলেন, “ভয় পাওয়ার দিন শেষ। আগামীর বাংলাদেশ হবে এনসিপি’র বাংলাদেশ। আগামী জাতীয় নির্বাচনে এনসিপি হয় প্রধান দল হিসেবে, নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে জাতীয় সংসদে স্থান করে নেবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, দেশের জনগণ এখন পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি প্রস্তুত। তিনি দাবি করেন, বর্তমান জাতীয় সংসদে এনসিপি’র ছয়জন সংসদ সদস্য থাকলেও তারা ছয়শ এমপি’র সমপরিমাণ শক্তি নিয়ে কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করে যাচ্ছেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আগামীর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
সভায় সভাপতিত্ব করেন উলিপুর আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক মোঃ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হাসান জুয়েল, রংপুর মহানগরের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর কবির এবং উলিপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ রুহুল আমিন।
এ সময় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত এনসিপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।