সাবেক প্রতিমন্ত্রী জাকিরের স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
কুড়িগ্রাম প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের স্ত্রী মোসা. সুরাইয়া সুলতানা, ছেলে মো. সাফায়েত বিন জাকির ও মেয়ে মোসা. জাকিয়া তাবাসসুম সঞ্চয়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৬ জানুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।
এর আগে, দুদকের সহকারী পরিচালক মো. নাজমুল ইসলাম পৃথক তিনটি আবেদনে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। সেসব আবেদনে উল্লেখ করা হয়, জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া, ছেলে সাফায়েত ও মেয়ে জাকিয়ার বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়। সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের অর্জিত অবৈধ সম্পদ অর্জনে তারা প্রত্যক্ষ সহযোগিতা করেছে তার প্রমাণ পাওয়া গেছে। তারা দেশত্যাগ করতে পারেন মর্মে আশঙ্কা করা হচ্ছে।
তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আদালতের মাধ্যমে তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক। তারা যাতে দেশত্যাগ না করতে পারে সে বিষয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগে পত্র প্রেরণসহ প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।