,

শিরোনাম

উলিপুরে সীডস কর্মসূচির শিক্ষা ও চাইল্ড ক্লাব কার্যক্রম নিয়ে আলোচনা সভা

খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বাস্তবায়নে এবং স্ট্রমে ফাউন্ডেশন নরওয়ের সহযোগিতায় পরিচালিত ‘মর্যাদাপূর্ণ এবং স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস)’ কর্মসূচির শিক্ষা ও চাইল্ড ক্লাব কার্যক্রমবিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা রিসোর্স সেন্টারে আয়োজিত এ সভায় প্রকল্পের শিক্ষাবিষয়ক অগ্রগতি, বিদ্যালয়ের সঙ্গে সমন্বয়, শিশুদের শিখন দক্ষতা বৃদ্ধি এবং তাদের সার্বিক বিকাশের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গীস ফাতেমা তকদারের সভাপতিত্বে সভায় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সংশ্লিষ্ট ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রত্যেক বিদ্যালয় থেকে একজন করে সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।

সভায় সীডস কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে কর্মসূচির সামগ্রিক লক্ষ্য, উদ্দেশ্য ও শিক্ষাবিষয়ক কার্যক্রম তুলে ধরেন। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে যৌথ কার্যক্রম, প্রাক-প্রাথমিক শিক্ষা সহায়তা এবং চাইল্ড ক্লাবের বিভিন্ন কার্যক্রমের চিত্র উপস্থাপন করা হয়।

প্রেজেন্টেশনে বিশেষভাবে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত রাখা, আনন্দঘন পরিবেশে শিক্ষা উপকরণ ব্যবহারের মাধ্যমে পাঠদান, বাংলা, ইংরেজি ও গণিতে শিশুদের দক্ষতা বৃদ্ধি, নিয়মিত বাড়ি পরিদর্শন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে চাইল্ড ক্লাব ও বিদ্যালয়ের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া কিশোর-কিশোরীদের জীবনমুখী দক্ষতা বৃদ্ধি, সচেতনতা সৃষ্টি ও সুরক্ষা নিশ্চিত করতে সংলাপ সেন্টার এবং ফোরামের বিভিন্ন কার্যক্রমও তুলে ধরা হয়।

আলোচনা পর্বে সভাপতি নার্গীস ফাতেমা তকদার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপস্থিত শিক্ষকরা কর্মসূচির প্রাক-প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা সহায়তা ও চাইল্ড ক্লাবের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তাঁরা নিজেদের মতামত, অভিজ্ঞতা ও প্রয়োজনীয় পরামর্শ তুলে ধরেন।

সভায় শিশুদের শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ এবং আনন্দঘন ও শিশুবান্ধব শিখন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিদ্যালয় ও প্রকল্প কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় আরও জোরদার করে ভবিষ্যতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়