,

শিরোনাম

বেলকুচিতে চেয়ারম্যান প্রার্থীর নিজ অর্থায়নে রাস্তা সংস্কার,উপকৃত এলাকাবাসী 

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের বিন্নাবাড়ি গ্রামে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শামীম বিন আমীর।

বিন্নাবাড়ী সামাদ তালুকদারের বাড়ি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি তিনি নিজ উদ্যোগ ও অর্থায়নে সংস্কার করেন। সংস্কার কাজ শেষে শনিবার (২১ নভেম্বর) জহরের নামাজ আদায়ের পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে রাস্তাটি পরিদর্শন করেন তিনি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলে ভোগান্তি হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা-পানি ও রাস্তার বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী, নারী, শিশু, বয়স্ক মানুষসহ সাধারণ পথচারীদের চলাচলে সমস্যা হতো। রাস্তাটি সংস্কার করায় এখন এলাকার মানুষের চলাচল অনেকটা সহজ হবে। পাশাপাশি বিন্নাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতেও সুবিধা হবে বলে আশা করছেন তারা।

স্থানীয়রা আরও বলেন, রাস্তাটি সংস্কার হওয়ায় আমরা আনন্দিত। এই রাস্তা দিয়ে প্রতিদিন অনেক মানুষ চলাচল করেন। বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধা হবে। এলাকার মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করে এমন উদ্যোগ নেওয়ায় আমরা তাকে ধন্যবাদ জানাই।

এ বিষয়ে শেখ শামীম বিন আমীর বলেন, আমি রাজনীতিকে মানুষের সেবা করার একটি মাধ্যম হিসেবে দেখি। এলাকার মানুষের চলাচলের কষ্টের কথা জানতে পেরে নিজের সামর্থ্য অনুযায়ী রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। মানুষের মৌলিক সমস্যা সমাধানে জনপ্রতিনিধি হওয়ার অপেক্ষায় বসে থাকা উচিত নয়। যার যতটুকু সামর্থ্য আছে, তা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত দায়িত্ব।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হই বা না হই, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চাই। বড়ধুল ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করাই আমার লক্ষ্য। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন পেশার মানুষ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়