তদন্ত শেষে দ্রুত চার্জশিট দিয়ে নন্দিনী হত্যার বিচার করা হবে: ত্রাণমন্ত্রী
সংবাদের আলো ডেস্ক: লালমনিরহাটের আদিতমারী উপজেলার শিশু নন্দিনী রায় হত্যা মামলার দ্রুত তদন্ত শেষ করে অল্প সময়ের মধ্যে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। একইসঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়ে আসামির দ্রুত বিচারের আশ্বাস দেন তিনি।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামে নিহত নন্দিনীর বাড়িতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, একটি নিষ্পাপ শিশুকে যারা এভাবে হত্যা করতে পারে, তারা নরপিশাচ। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়। প্রধানমন্ত্রী বাজেট অধিবেশন থেকে নন্দিনীর পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, মামলার অভিযুক্তদের ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার এক আসামি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষা ও তদন্ত শেষ করে দ্রুত চার্জশিট দেওয়া হবে।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে নিখোঁজ হয় শিশু নন্দিনী রায়। পরদিন সকালে একটি ভুট্টাখেত থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ ও জেলা প্রশাসনের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ১৮ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন।
এ ঘটনায় পৃথক মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত বাবা ও ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার এক আসামি বিধান চন্দ্র ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।