স্বৈরশাসনের পথে হাঁটছে বিএনপি সরকার: জামায়াত আমির
সংবাদের আলো ডেস্ক: স্বৈরশাসনের পথে হাঁটছে বিএনপি সরকার। গণভোটের রায় উপেক্ষা করে জনগণকে বিএনপি অপমান করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চে টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাস এলাকার পথসভায় তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, সরকার জাতির সঙ্গে ধোঁকাবাজি করেছে। দেশের মানুষের অধিকার আদায়ে বিরোধীদল সব সময় কাজ করে যাবে বলেও জানান তিনি।
এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এক স্বৈরাচার বিদায় হয়ে নতুন আরেক স্বৈরাচারের আবির্ভাব হয়েছে। এই সরকারের পরিণতিও ফ্যাসিস্ট হাসিনার মতোই হবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে, গাজীপুরের ভোগড়া বাইপাসে ১১ দলের পথসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, কোনো দলীয় দাবি নিয়ে নয়, জনদাবি নিয়ে রাজপথে নেমেছে বিরোধীদল। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে তারা। জুলাই সনদসহ সব দাবি পূরণ না হলে এক দফা দাবিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন জামায়াত আমির।
এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদ (অব.) বলেন, বিরোধী দল সরকারের বিরুদ্ধে নয়। বিএনপি সরকার গঠনের পর সংস্কার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই অবস্থা চলতে থাকলে বিরোধী দলের এক দফায় যেতে হবে বলে মন্তব্য করেন তিনি।
এদিন সকালে আট দফা দাবিতে মানিক মিয়া অ্যাভিনিউতে লংমার্চের উদ্বোধনী সমাবেশ করে ১১ দলীয় ঐক্য। এ সময় জামায়াত আমির বলেন, জাতির প্রয়োজনে যেকোনো সময় ৮ দফা বা ৯ দফা এক দফায় পরিণত হবে। অতীত থেকে শিক্ষা না নিলে সরকারকেও একই পথে বিদায় নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। জনগণকে সঙ্গে নিয়েই সব অধিকার আদায় করা হবে বলেও জানান আমির।
অন্যদিকে, নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিগত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মতো একই পথে হাঁটছে সরকার। এলডিপি চেয়ারম্যান অলি আহমদসহ অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন সমাবেশে। বলেন, দেশকে সঠিক পথে আনতে লংমার্চ করছে বিরোধী দল। দেশবিরোধী কোনো কর্মকাণ্ড বিরোধী দল মানবে না। জনদাবি আদায়ে তারা রাজপথে সোচ্চার থাকবে।
এর আগে, সকালে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়। সেখানে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুরের রুটে মোট সাতটি জনসভা ও পাঁচটি পথসভা করবে ১১ দলীয় ঐক্য। সমাপনী সমাবেশ হবে রংপুর জিলা স্কুল মাঠে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।