রমেক হাসপাতাল পরিদর্শনে ৩ এমপি, দিলেন চিকিৎসা সেবার প্রতিশ্রুতি
সংবাদের আলো ডেস্ক: চিকিৎসা সেবার উন্নয়নে তিন সংসদ সদস্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। রোববার (১৪ জুন) দুপুরে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবার রহমান বেলাল, রংপুর-১ আসনের রায়হান সিরাজী ও রংপুর-৫ আসনের গোলাম রব্বানী হাসপাতাল পরিদর্শন করেন।
এ সময় তারা হাসপাতালের আউটডোর, বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন রোগী-স্বজন, দায়িত্বপ্রাপ্ত নার্স, চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে কথা বলেন। তারা হাসপাতালের জনবল সংকট, বিকল যন্ত্রপাতি, অবকাঠামোগত সমস্যা চিহ্নিত করে সমস্যা সমাধানে স্বাস্থ্যমন্ত্রী ও সংসদে উপস্থাপনের কথা জানান।
রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রংপুর বিভাগের ৮ জেলাসহ অন্য বিভাগের রোগীরা চিকিৎসা নিতে আসেন। এ হাসপাতালের ২৬টি এক্স-রে মেশিনের মধ্যে ২টি সচল, মেরামতযোগ্য ৪টি ও অচল ২৪টি রয়েছে। ৩টি সিটি স্ক্যান মেশিনের মধ্যে ১টি সচল ও ২টি মেরামতের অযোগ্য। ৩টি এনআরআই মেশিনের মধ্যে ১টি সচল ও ২টি মেরামতের অযোগ্য। ১৩টি আল্ট্রাসনোগ্রাম মেশিনের মধ্যে ৩টি সচল ও ১০টি মেরামতের অযোগ্য। এসব যন্ত্রপাতি নিয়ে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা দেওয়া সম্ভব নয়।
রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবার রহমান বেলাল বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল, সিন্ডিকেট, আউসোর্সিং জনবল নিয়ে সমস্যা রয়েছে। আমরা তিনজন সংসদ সদস্য হাসপাতাল পরিদর্শন করে এর ফলাফল স্বাস্থ্যমন্ত্রীকে জানাব। এখানে যেন তিনি প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি বরাদ্দ করেন। এছাড়া এত বড় হাসপাতালে নিরাপদে কাজ করার জন্য একটি পুলিশ ফাঁড়ি প্রয়োজন। এটি নিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী বলেন, স্বাস্থ্যমন্ত্রীর সাথে রংপুরের স্বাস্থ্যসেবার দুরাবস্থা নিয়ে কথা বলেছি। তিনি বাজেট ঘোষণার পর দেশে ১ লাখ জনবল নিয়োগ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে কিছু ডাক্তার ছাড়া বাকী বিভিন্ন পর্যায়ের জনবল থাকবে। এছাড়া প্রতিটি উপজেলায় তিনি ৫০ শয্যা থেকে একশ শয্যার হাসপাতাল উন্নীতকরণে কাজ করছে। আশা করছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সমস্যাগুলো দূরীভূত হবে।
পরিদর্শনের সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, উপ-পরিচালক ডা. মোকাদ্দেম আলীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।