সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা

সংবাদের আলো ডেস্ক: সিরাজগঞ্জের পৃথক দুটি মানহানির মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক।

রবিবার (১৪ জুন) সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার জামিন আবেদন শুনানি শেষে স্থায়ী জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, এর আগে তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন।  দুপুর আড়াইটার দিকে তিনি আদালত প্রাঙ্গণে পৌঁছে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করেন। পরে প্রায় ৩০ মিনিট অবস্থান শেষে বিকাল ৩টার দিকে আদালত এলাকা ত্যাগ করেন।  এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তিনি কোনো কথা বলেননি।

অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক বলেন, মুফতি আমির হামজা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন করেন।  শুনানি শেষে আদালত দুটি মামলাতেই তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।

এদিকে, তার আগমনকে কেন্দ্র করে আদালত চত্বরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।

উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তি করা, তাকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে দুটি মানহানির মামলা দায়ের করা হয়।

নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেন। সর্বশেষ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত দুটি মামলাতেই তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়