মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

‘বিরোধীদলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ ডাকে’

সংবাদের আলো ডেস্ক: কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জাতীয় সংসদে অভিযোগ দিয়ে বলেছেন, বিরোধীদলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে সম্বোধন করেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 

ফজলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি করতে পারে না। তিনি এ বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও দলটির আমিরকে ইঙ্গিত করে।

তার এ মন্তব্যের পর সংসদে বিরোধী দলের সদস্যরা হট্টগোল শুরু করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানান।

হট্টগোলের মধ্যেই ফজলুর রহমান বলেন, আমি আবারও বলছি, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। যদি কেউ করে থাকে, তাহলে তিনি ডাবল অপরাধ করছেন।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে এক মাসের গণআন্দোলনের তুলনা করা হলে মুক্তিযুদ্ধকে খাটো করা হয়। তখন মনে হয়, হয়তো আমি মরে গেলেই ভালো হতো।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবং পরবর্তী সময়ে জামায়াতের আমির নিজেকে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিয়েছিলেন।

সংসদে দেওয়া বক্তব্যে ফজলুর রহমান আরও বলেন, এই বাংলায় শুধু বেলি-চামেলি বা জুঁই ফুল ফোটে না, রক্তজবাও ফোটে। এ দেশে শুধু কোকিল ডাকে না, জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগারও আছে। যতদিন রয়েল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধারা জয়ী হবে, রাজাকাররা কোনো দিন জয়ী হতে পারবে না।

সবশেষে তিনি বলেন, আমার বক্তব্যের পর তারা বলবে আমরা কি মুক্তিযুদ্ধ করিনি? বিরোধী দলে যারা বসে আছেন, তাদের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে, অথচ তারা নিজেদের সভ্য দাবি করে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়