প্রতিরোধ ফ্রন্ট দুর্বল নয়, বরং আরও শক্তিশালী হয়েছে: ইরানি শীর্ষ কমান্ডার
সংবাদের আলো ডেস্ক: ইরানের সামরিক বাহিনীর খাতাম-আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলি আব্দোল্লাহি বলেছেন, প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়নি, বরং আরও শক্তিশালী হয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেছে। তিনি প্রতিরোধ জোটের পতনের মার্কিন দাবিকে সরাসরি নাকচ করেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।
বুধবার দেওয়া এক বক্তব্যে আব্দোল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ধারণা করেছিল ইসলামি প্রতিরোধ ফ্রন্ট ভেঙে পড়ছে বা দুর্বল হয়ে পড়েছে। কিন্তু বাস্তবে তারা এই জোটের অভূতপূর্ব শক্তির মুখোমুখি হয়েছে।
তিনি উল্লেখ করেন, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের আনসারুল্লাহ এবং ইরাকের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠী— ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয়ে— সাহস, ঈমান ও দৃঢ়তার পরিচয় দিয়েছে। তার দাবি, এসব শক্তি প্রমাণ করেছে যে মার্কিন নেতৃত্ব ও ইসরাইলি শাসনব্যবস্থা তাদের মোকাবিলা করতে অক্ষম এবং শেষ পর্যন্ত এই শক্তিশালী ফ্রন্টের সামনে নতি স্বীকার করা ছাড়া তাদের আর কোনো পথ নেই।
মেজর জেনারেল আব্দোল্লাহি লেবানন, ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জিহাদি চেতনা, শক্তি ও অবিচল অবস্থানের প্রশংসা করেন এবং তাদের ধারাবাহিক বিজয় ও সাফল্যের জন্য দোয়া জানান।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।